এক বছরের অপেক্ষা শেষে উমা বিদায় নিলেন। আজ বিজয়া দশমী, চোখে ভাসছে সিঁদুর খেলার রং, কানে বাজছে "আবার আসিবে ফিরে" সুর। কিন্তু বাঙালির মন তো আর এক জায়গায় থাকে না! আজ থেকেই শুরু হয়ে গেল আগামী বছরের পুজোর ক্যালেন্ডার দেখার পালা ।
আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন, ২০২৬ সালে কবে পড়েছে দুর্গাপুজো? কবে মহালয়া? কবে ষষ্ঠী? কতদিন পর আসছে মা? তাহলে আর দেরি নয়, জেনে নিন আগামী বছরের শারদীয়ার একদম নিখুঁত নির্ঘণ্ট ।
২০২৬ সালের শারদীয়ার তিথি
আগামী বছর পুজো পড়েছে অক্টোবরের মাঝামাঝি সময়ে। মায়ের আগমন আর গমন নিয়েও আছে চমক। দেখে নিন একনজরে দিনক্ষণ :
মহালয়া: ১০ অক্টোবর ২০২৬, শনিবার (২২ আশ্বিন)
মহাপঞ্চমী: ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার (২৭ আশ্বিন)
মহাষষ্ঠী: ১৭ অক্টোবর ২০২৬, শনিবার (২৮ আশ্বিন)
মহাসপ্তমী: ১৮ অক্টোবর ২০২৬, রবিবার (২৯ আশ্বিন)
মহাষ্টমী: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার (৩০ আশ্বিন)
মহানবমী: ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার (১ কার্তিক)
বিজয়া দশমী: ২১ অক্টোবর ২০২৬, বুধবার (২ কার্তিক)
দেবীর আগমন-গমন: কী বলছে শাস্ত্র?
শুধু তারিখ নয়, শাস্ত্রমতে দেবী যেই বাহনে চেপে আসেন আর যান, তাতে ফসল ফলাফলের উপর প্রভাব পড়ে। ২০২৬ সালে দেবীর আগমন আর গমনের বাহন নিয়ে কিছু বিশেষ হিসেব আছে ।
আগমন (হাতি): শাস্ত্র মতে, ২০২৬-এ দেবীর আগমন হবে গজ বা হাতিতে। এটা দেবীর জন্য সবচেয়ে উৎকৃষ্ট বাহন। বিশ্বাস করা হয়, হাতিতে আগমন মানে মর্ত্যে আসে সুখ-শান্তি-সমৃদ্ধি। ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় ।
গমন (নৌকা): বিজয়া দশমী বুধবার পড়ায় ২০২৬-এ দেবীর গমন হবে নৌকায়। শাস্ত্র বলে, নৌকায় ফিরলে "শস্য বুদ্ধিস্তথাজলম্" অর্থাৎ ফসল ভালো হয়, তবে সঙ্গে প্রবল বন্যা বা প্লাবনের আশঙ্কাও দেখা দেয় ।
পুজোর অন্যান্য বিশেষ দিন
দুর্গাপুজো শেষ হলেও উৎসব কিন্তু থামে না। তার পরেই আসে লক্ষ্মীপুজো, কালীপুজো আর ভাইফোঁটা। ২০২৬ সালে এই দিনগুলি পড়ছে :
কোজাগরী লক্ষ্মীপুজো: ২৫ অক্টোবর ২০২৬, রবিবার (৭ কার্তিক)
কালীপুজো / দীপাবলি: ৮ নভেম্বর ২০২৬, রবিবার (২১ কার্তিক)
ভাইফোঁটা: ১১ নভেম্বর ২০২৬, বুধবার (২৪ কার্তিক)
আজকের বিষাদের দিনে এই নির্ঘণ্ট হয়তো একটু আশার আলো দেখাল। এবার শুরু হোক আগামী বছরের পুজোর প্রস্তুতি! আপনি কি ইতিমধ্যেই প্ল্যানিং শুরু করে দিয়েছেন? কোন পুজোয় যাবেন প্রথমে? কমেন্ট করে জানান
